ঢাকাWednesday , 8 July 2026
  1. জাতীয়
  2. তথ্য-প্রযুক্তি
  3. বানিজ্য
  4. বিনোদন
  5. বিশ্ব
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেলোনিকে ‘ভালো মানুষ’ বললেও ইরানের বিষয়ে সাহায্য না করায় সমালোচনা ট্রাম্পের

banglaprime24
July 8, 2026 6:14 am
Link Copied!

একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক বিরোধ এখন তুঙ্গে। মঙ্গলবার (৭ জুলাই) ট্রাম্প মেলোনিকে একজন ‘ভালো মানুষ’ হিসেবে বর্ণনা করলেও, ইরানের সঙ্গে চলমান সংঘাত ও সংকটে ওয়াশিংটনকে সাহায্য করতে ব্যর্থ হওয়ায় তার তীব্র সমালোচনা করেছেন।তুরস্কে আয়োজিত ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্পের এই মন্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন করে চাপের মুখে ফেলেছে।
তুরস্কে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প মেলোনির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের কথা স্বীকার করেন। ট্রাম্প বলেন, ‘ইরানের বিষয়ে মেলোনি আমাদের সাহায্য করতে অস্বীকার করায় তার সঙ্গে আমার সম্পর্ক কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। তিনি এই সংকটে জড়াতে রাজি হননি, তাই সম্পর্কটা কিছুটা তিক্ত হয়েছে।তবে আমি তাকে পছন্দ করি, তিনি একজন ভালো মানুষ। কিন্তু আমার মনে হয় তিনি একটি বড় ভুল করেছেন।’
মূলত গত মার্চ মাসে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। ওয়াশিংটন রোম সরকারের কাছ থেকে কোনো পূর্বানুমতি না নেওয়ায় ইতালি এই কঠোর পদক্ষেপ নিয়েছিল।এ ছাড়া ইরান সংকটে সাহায্য করতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইতালির পাশে দাঁড়াতেও অস্বীকৃতি জানান।
মেলোনি ও ট্রাম্পের মধ্যকার এই বিরোধের সূত্রপাত গত মাসে, যখন ট্রাম্প দাবি করেন যে ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে মেলোনি তার সাথে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। মেলোনি এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানিয়ে বলা গল্প বলে প্রত্যাখ্যান করেন। এরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করেন, যেখানে মেলোনিকে ট্রাম্পের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় এবং ক্যাপশনে লেখা ছিল ‘সংযম প্রয়োজন’। এই পোস্টটি দুই নেতার বিবাদকে পুনরায় উস্কে দেয়।অন্যদিকে, ইরান যুদ্ধের নিন্দা করায় পোপ লিও-র ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প, যা নিয়ে মেলোনিও ট্রাম্পের সমালোচনা করেছিলেন।
ট্রাম্পের একের পর এক উস্কানিমূলক মন্তব্যের জবাবে ইতালীয় সরকার আপাতত নীরব থাকার এবং উত্তেজনা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি স্পষ্ট করে বলেছেন, ‘ট্রাম্প নিজের হয়েই কথা বলেন। আমাদের এমন একজন মার্কিন প্রেসিডেন্ট আছেন যিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিতে ভালোবাসেন। আমরা এই ধরনের মন্তব্যের জবাব দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্পের মুখোমুখি হলে মেলোনি কী করবেন, তা নিয়ে তার কার্যালয় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে মেলোনির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি ট্রাম্পকে এড়িয়ে যাবেন না, বরং এই পরিস্থিতি বুদ্ধিমত্তার সাথে সামলাবেন এবং ট্রাম্পকে হাসিমুখে অভিবাদন জানাতে পারেন।