ঢাকাMonday , 20 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. তথ্যপ্রযুক্তি
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

banglaprime24
July 20, 2026 8:13 pm
Link Copied!

ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানীতে দিল্লিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও তরুণেরা। সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ আন্দোলনকারীদের টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বিক্ষোভকারী ও পুলিশ—উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে হাজারো মানুষ জন্তর মন্তরে জড়ো হয়ে সংসদের দিকে পদযাত্রার চেষ্টা করেন। তবে এ কর্মসূচির অনুমতি না থাকায় পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সংসদমুখী মিছিল ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে এবং পরে লাঠিচার্জ করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

এর আগে দিল্লি পুলিশ জানিয়েছিল, কর্মসূচির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। এক্সে দেওয়া এক বার্তায় পুলিশ জানায়, জন্তর মন্তরের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও অনুমতি ছাড়া মিছিল, সমাবেশ বা পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়।

অন্যদিকে সিজেপি তাদের সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়, কোথাও বাধা দেওয়া হলেও উত্তেজিত না হয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি তুলেছে অভিজিৎ দীপকের নেতৃর্ত্বে গড়া ককরোচ জনতা পার্টি। পরে আন্দোলনে যোগ দেন অধিকারকর্মী সোনম ওয়াংচুক। তিনি গত ২৮ জুন থেকে জন্তর মন্তরে অনশন শুরু করেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল থেকে দেওয়া এক বার্তায় ওয়াংচুক বলেন, প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় সরকার স্বীকার না করা কিংবা বিষয়টি সংসদে আলোচনার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।