ঢাকাMonday , 23 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

banglaprime24
November 23, 2026 2:29 pm
Link Copied!

ব্যাংকঋণে নানা ধরনের ছাড়, পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দিয়েও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বরং দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। ফলে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকাই আদায় হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। খেলাপি ঋণের এই বিশাল অঙ্ক দেশের ব্যাংক খাতের দুর্বল আর্থিক অবস্থার পাশাপাশি ঋণ আদায় ও ব্যবস্থাপনার সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে।

এর আগে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

এর আগে মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।

অর্থাৎ চলতি বছরের প্রথম তিন প্রান্তিকেই খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ঋণ পুনঃতফসিল ও বিশেষ ছাড়ের সুযোগ দেওয়ার পরও এই প্রবণতা থামানো যায়নি।

ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের মাধ্যমে বিতরণ করা ঋণের প্রকৃত তথ্য আড়াল করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশের উদ্যোগ নিলে এসব ঋণের বড় অংশ খেলাপি হিসেবে শনাক্ত হয়।

এছাড়া, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক প্রভাবশালী ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যান। ফলে খেলাপি ঋণ দ্রুত বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দিলেও তাতে স্থায়ী সমাধান আসেনি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। আর ক্ষমতা ছাড়ার আগে ২০২৪ সালের জুন শেষে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিএনপি সরকারের সময়েও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। এতে ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রভাব এখনো কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মনে করছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন। তিনি জানান, রাজনৈতিক প্রভাব ও সুশাসনের ঘাটতির কারণে দেশে ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতা বেড়েছে। এর ফলে ব্যাংকগুলোতে তারল্যসংকট তৈরি হচ্ছে। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় নতুন বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে।

ফাহমিদা খাতুন আরও বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল করে রাখা হয়েছে। সব ব্যাংকের প্রকৃত তথ্য পুরোপুরি সামনে এলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে। তাই সাময়িক ছাড় দিয়ে সমস্যার সমাধান হবে না। এ জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন না করে দ্রুত আদায়যোগ্য ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া, ব্যাংক খাতে খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে অতীতের অনিয়মের পাশাপাশি ঋণের প্রকৃত মান নির্ধারণের ক্ষেত্রে নীতিগত পরিবর্তনও ভূমিকা রাখছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে অনিয়মের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে-বেনামে বিতরণ করা অনেক ঋণ এখন নিয়ম অনুযায়ী খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে।

এছাড়া, ঋণখেলাপি হিসেবে শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ম প্রয়োগ করায় খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। অতীতে যেসব ঋণ বারবার নবায়ন করে নিয়মিত দেখানো হয়েছে, সেগুলোর অনেকই এখন আর আদায় হচ্ছে না। ফলে এসব ঋণও খেলাপির তালিকায় যুক্ত হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ শনাক্ত করা এবং ঋণের প্রকৃত অবস্থা প্রকাশের ফলে ব্যাংক খাতের দীর্ঘদিনের লুকানো দুর্বলতা সামনে আসছে। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণে শুধু খেলাপি ঋণ শনাক্ত করাই যথেষ্ট নয়; বরং ঋণ আদায়, সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।