ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি দিয়ে ভরা

banglaprime24
November 25, 2026 4:04 pm
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ৩:৫৯ পিএম

পরিবারের সদস্যদের জন্য শখ করে গরুর নলি রান্না করতে চেয়েছিলেন পুরান ঢাকার ওয়ারীর গৃহিণী লাইলী বেগম। সেই উদ্দেশ্যে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি মাংসের দোকান থেকে গরুর মাংস ও নলি কেনেন তিনি। কিন্তু বাড়িতে গিয়ে নলি কাটার পর তার চোখে পড়ে অস্বাভাবিক কিছু। নলির ভেতরে মাংস বা স্বাভাবিক উপাদানের পরিবর্তে পাওয়া যায় আলগা করে ভরা চর্বি। এতে ক্ষুব্ধ হন তিনি।

আরও পড়ুন: হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

দোকানির কাছে বিষয়টি জানাতে গিয়েও পাননি প্রত্যাশিত সমাধান। উল্টো পুরো টাকা ফেরত না দিয়ে ৩৫০ টাকা দেওয়ার প্রস্তাব এবং হুমকির মুখে পড়ার অভিযোগ করেন তিনি। শেষ পর্যন্ত কেনা মাংস ও নলির নমুনা নিয়ে অভিযোগ জানাতে হাজির হন ঢাকার আদালতপাড়ায়।

বুধবার দুপুর ২টা থেকে ৩টার পর পর্যন্ত ঢাকা আদালত এলাকায় ঘুরতে দেখা যায় লাইলী বেগমকে। তার হাতে ছিল একটি সবুজ পলিথিন। এর মধ্যে ছিল কেনা মাংস ও নলি। আদালতে আসা আইনজীবী ও সাধারণ মানুষের কাছে তিনি দেখাচ্ছিলেন নলির দুটি অংশ। একটি তার ভাষায় আসল, অন্যটি নকল। তার দাবি, নলির ভেতরে চর্বি ঢুকিয়ে মাংসের নামে বিক্রি করে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

লাইলী বেগমের ভাষ্য, তিনি প্রতি কেজি ৮০০ টাকা দরে গরুর মাংস কিনেছিলেন। পাশাপাশি ৫৫০ টাকা দিয়ে এক কেজি নলি কেনেন। কিন্তু কেনা নলির একটি অংশের ভেতরে প্রায় এক কেজির মতো চর্বি পাওয়া গেছে বলে অভিযোগ তার।

আদালত এলাকায় নিজের কেনা নলির নমুনা দেখিয়ে তিনি বলেন, ‘একটা আসল চর্বি আর একটা নকল আছে। নলি এইটা আমার বাম হাতেরটা হচ্ছে আসলটা, আর এইটা হচ্ছে নকলটা। আমি ৮০০ টাকা কেজি গরুর মাংস নিয়ে এসেছিলাম। উনি আমাকে এক কেজির মতো নলির ভিতরে চর্বি দিয়ে ভরে রাখছে।’

তিনি আরও বলেন, ‘এক কেজি নলি নিয়েছিলাম ৫৫০ টাকা দিয়ে। ওটার ভেতরে চর্বি দিয়ে রাখছে। নলির ভেতরে মাংস যেটা নিয়েছিলাম, চর্বি দিয়ে ভরা। একদম চর্বি দিয়ে ভরা নলি নাই। এটা একদম নকল। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব, উনারা এটা চর্বি দিয়ে রাখছে।’

নিজের হাতে থাকা দুটি নমুনা দেখিয়ে লাইলী বেগম বলেন, একটি আসল নলি, অন্যটি চর্বি দিয়ে ভরা। তার দাবি, এভাবে ক্রেতাদের ঠকানো হচ্ছে।

এক পর্যায়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাইলী বেগম জাগো নিউজকে বলেন, বিষয়টি বুঝতে পেরে তিনি দোকানির কাছে যান। কেনা পণ্যের সমস্যা জানিয়ে টাকা ফেরত অথবা পণ্য পরিবর্তনের দাবি করেন। কিন্তু দোকানি পুরো টাকা ফেরত দিতে রাজি হননি।

লাইলী বেগমের ভাষ্য, ‘আমি ৫৫০ টাকা দিয়ে যেটা মাংস নিয়েছিলাম, হাড্ডিটা নিয়েছিলাম। উনি আমাকে গিয়ে বলছে, আপনাকে ৩৫০ টাকা দেব। আমি বলছি, কেন ৩৫০ দেব? আমি ৮০০ টাকা কেজি গরুর মাংস নিয়েছি, সেখানে দেড় কেজির মতো নলিতে মনে হয় চর্বি পড়ছে। আপনি আমাদের চেঞ্জ করে দেন, না হয় টাকাটা দিয়ে দেন। কেন আমি ৩৫০ টাকা নেব?’

তিনি বলেন, বিষয়টি সমাধান না হলে সাংবাদিক ও পুলিশের কাছে যাওয়ার কথা জানান দোকানিকে। তখন দোকানির পক্ষ থেকে তাকে আবার গিয়ে দেখার কথা বলা হয়। তার অভিযোগ, এ সময় তাকে বলা হয়, ‘আমাদের কিছু হবে না।’

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত দোকানির বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে আদালতপাড়ায় আসার কারণ জানতে চাইলে লাইলী বেগম জাগো নিউজকে বলেন, শুধু নিজের কেনা পণ্যের টাকা ফেরত পাওয়াই তার উদ্দেশ্য নয়। তার মতে, এ ধরনের ঘটনা চলতে থাকলে কম আয়ের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি বলেন, ‘এখানে ওনাদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আজকে আমার কাছে টাকা আছে, আমি খেতে পারতেছি; গরিব মানুষ তো এটা খেতে পারবে না। তাদের সবাইকে ঠকানো হচ্ছে। এটা দেখে যাতে মানুষ উচিত শিক্ষা পায়।’

আদালতে এসে এখনো কোনো সহায়তা পাননি জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই এটা সবাই দেখুক, আমার এই ভিডিওটা সবাই জানুক। আমি যাতে এটার প্রমাণ পাইতে পারি এবং মানুষের একটা শিক্ষা হতে পারে।’

আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে লাইলী বেগম বলেন, ‘আমি অবশ্যই থানায় অভিযোগ করব। কারণ মানুষকে ঠকাবে কেন? আজকে টাকা-পয়সা আছে, মানে হাজবেন্ডের… আজকে খেতে পারতেছি, গরিব মানুষ তো খেতে পারবে না।’

ঘটনার এক থেকে দেড় ঘণ্টা আগে মাংস ও নলি কেনার কথা জানান তিনি। অর্থাৎ কেনাকাটার পরপরই বিষয়টি নিয়ে দোকানির সঙ্গে কথা বলেন এবং পরে আদালত এলাকায় আসেন।

এ বিষয়ে ঢাকা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রতারণার পরিমাণ কম বা বেশি, দুই ক্ষেত্রেই তা অপরাধ। তার ব্যাখ্যায়, এক কোটি টাকার প্রতারণা যেমন অপরাধ, তেমনি ১০ টাকার প্রতারণাও আইনের চোখে অপরাধ।

তিনি বলেন, দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ছলচাতুরির মাধ্যমে কাউকে সম্পত্তি হস্তান্তরে প্ররোচিত করার অপরাধে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

সাম্প্রতিক সময়ে ওই নারীর মাংস কেনার ঘটনায় যে প্রতারণার অভিযোগ উঠেছে, সেটিও আইন অনুযায়ী অপরাধযোগ্য হতে পারে বলে মনে করেন এই আইনজীবী। তার মতে, ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে পারেন। চাইলে আদালতেও মামলা করতে পারবেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, লাইলী বেগম ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গেছেন। তবে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।