ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‘পেলের আগে যিনি ছিলেন ব্রাজিলের বড় তারকা, খেলতেন গায়ে পাউডার মেখে’

banglaprime24
November 26, 2026 1:14 pm
Link Copied!

ব্রাজিল ফুটবলের প্রথম মহাতারকা বলা হয় আর্থার ফ্রিডেনরাইখকে। পেলের জন্মের বহু আগে, বিংশ শতাব্দীর শুরুর দিকে ফুটবল মাঠে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এই স্ট্রাইকার। বর্ণবাদের বাধা পেরিয়ে হয়ে উঠেছিলেন ব্রাজিলের ফুটবলের পথপ্রদর্শক। তার গোলসংখ্যা নিয়েও রয়েছে বিতর্ক। কারও হিসাবে, ক্যারিয়ারে তার গোল ১ হাজার ৩২৯টি- যা পেলের গোলসংখ্যাকেও ছাড়িয়ে যায়। যদিও ফিফার হিসাব বলছে ভিন্ন কথা।

ব্রাজিলে প্রতিবছর ২০ নভেম্বর পালিত হয় ব্ল্যাক অ্যাওয়ারনেস ডে। এ উপলক্ষে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রকাশিত একটি ভিডিওতে ফ্রিডেনরাইখকে স্মরণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘যে সময়ে বর্ণবাদ মানুষের জন্য দরজা বন্ধ করে দিয়েছিল, সেই সময়ে তিনি নতুন পথ খুলে দিয়েছিলেন।’

আরও পড়ুন: অসি-গ্রিক ক্রিকেটারদের নিয়ে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে পৌঁছানোর স্বপ্ন গ্রিসের

‘দ্য টাইগার’ নামে পরিচিত ফ্রিডেনরাইখের জীবন ছিল প্রতিভা, সাফল্য আর বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। তাকে ব্রাজিল ফুটবলের ‘প্রথম মহান আইডল’ হিসেবেও অভিহিত করা হয়।

১৮৯২ সালের ১৮ জুলাই সাও পাওলোতে জন্ম ফ্রিডেনরাইখের। ব্রাজিলে দাসপ্রথা বিলুপ্ত হওয়ার মাত্র চার বছর পর তার জন্ম হয়। বাবা অস্কার ফ্রিডেনরাইখ ছিলেন জার্মান বংশোদ্ভূত ব্যবসায়ী। মা মাতিলদে ছিলেন কৃষ্ণাঙ্গ ধোপা, তার মা-বাবাও ছিলেন দাসপ্রথার শিকার।

জার্মান বংশপরিচয়ের কারণে সমাজের অভিজাত অংশে কিছুটা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন ফ্রিডেনরাইখ। সেই সূত্রে স্থানীয় সাও পাওলো ও জার্মান অভিবাসীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এসসি জার্মানিয়ার মতো অভিজাত ক্লাবে খেলার সুযোগ পান। ১৯০৯ সালে জার্মানিয়ার হয়ে তার অভিষেক হয়।

তবে ইউরোপীয় বংশপরিচয় থাকলেও গায়ের কালো রং তাকে বৈষম্যের মুখে ফেলে দিয়েছিল। দুর্দান্ত গতি, দুই পায়ে সমান দক্ষতা এবং অসাধারণ কারিগরি সামর্থ্যের কারণে তিনি ছিলেন বিশেষ প্রতিভাবান স্ট্রাইকার; কিন্তু ওই সময়ের বর্ণবাদী পরিবেশে মাঠে নামার আগে তাকে নানা কৌশলের আশ্রয় নিতে হতো।

প্রচলিত একটি গল্প অনুযায়ী, বর্ণবৈষম্য এড়াতে ফ্রিডেনরাইখ নিয়মিত মুখ ও শরীরে চালের গুঁড়ার পাউডার মাখতেন। চুল ঢেকে রাখতেন লাল কাপড় দিয়ে। সে সময় কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য এতটাই প্রকট ছিল যে, মাঠে খেলার সুযোগ পেতেও তাকে নিজের পরিচয় আড়াল করার চেষ্টা করতে হয়েছে।

১৯১৯ সালেই ব্রাজিলের ফুটবল ইতিহাসে কিংবদন্তির জায়গা করে নেন ফ্রিডেনরাইখ। উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে তার গোলেই জয় পেয়েছিল ব্রাজিল। সিবিএফের পুনর্গঠন করা বিবরণ অনুযায়ী, ম্যাচের ১২২ মিনিটে ফিরতি বল থেকে, গোলরক্ষককে ফাঁকা পেয়ে ভলিতে গোল করেন তিনি। তাতে ১-০ ব্যবধানে জেতে ব্রাজিল, জাতীয় দলের ইতিহাসে আসে প্রথম শিরোপা।

তিন বছর পর আরেকটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপেও নিজের ছাপ রাখেন এই তারকা। তার নেতৃত্বে শুরু হওয়া সাফল্যের ধারাবাহিকতা পরবর্তী সময়ে ব্রাজিলকে পাঁচটি বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে নেয়। একই সঙ্গে জাতীয় দলে অশ্বেতাঙ্গ খেলোয়াড়দের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রেও তার মতো খেলোয়াড়দের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

মাঠে ফ্রিডেনরাইখের কীর্তি নিয়ে যেমন প্রশংসা রয়েছে, তেমনি তার গোলসংখ্যা নিয়েও রয়েছে দীর্ঘদিনের বিতর্ক। ২৬ বছর ধরে ফুটবল খেলেছেন তিনি। ১৯৬৯ সালের ৬ সেপ্টেম্বর নিজ শহর সাও পাওলোতে তার মৃত্যু হয়। তখন ব্রাজিলে সামরিক শাসন চলছিল।

ফ্রিডেনরাইখের গোলসংখ্যা নিয়ে পরিসংখ্যানবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তার বাবা অস্কার ফ্রিডেনরাইখ ছেলের খেলার রেকর্ড সংরক্ষণ করতেন। সেই হিসাবের ভিত্তিতে কেউ কেউ দাবি করেন, ১ হাজার ২৩৯ ম্যাচে তার গোল ১ হাজার ৩২৯টি। অন্যদিকে ফিফার হিসাবে, ৫৬০ ম্যাচে তার গোল ৫৫০টি।

পেলের গোলসংখ্যা নিয়েও হিসাবের পার্থক্য রয়েছে। তার স্বীকৃত গোলসংখ্যা ৭৫৭, আর সব ধরনের ম্যাচ মিলিয়ে মোট গোল ১ হাজার ২৭০ বলে উল্লেখ করা হয়। তবে পেলের গোলের হিসাবও পুরোপুরি নির্ভুলভাবে সংরক্ষিত নয়। ফলে ফ্রিডেনরাইখ সত্যিই পেলের চেয়ে বেশি গোল করেছিলেন কি না, তা এখনো রহস্যই রয়ে গেছে।

গড়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলের ধরন

গোলসংখ্যার বিতর্কের বাইরে ফ্রিডেনরাইখের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে সংশয়ের অবকাশ নেই। ব্রাজিল ফুটবলের প্রথম মহান তারকাদের একজন হিসেবে তিনি দেশটির খেলার ধরন গড়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

লেখক এদুয়ার্দো গালেয়ানোর ফুটবল ইন সান অ্যান্ড শ্যাডো বইয়ে ফ্রিডেনরাইখকে ব্রাজিলের খেলার ধরন প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয়েছে। গালেয়ানোর বর্ণনায়, তার হাত ধরেই এমন এক ফুটবলশৈলীর সূচনা, যেখানে ফলাফলের চেয়ে আনন্দ ও কল্পনাশক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

ব্রাজিলের জাতীয় দল যখন নিজেদের খেলার পরিচয় খুঁজছে, তখন ফ্রিডেনরাইখের কথা স্মরণ করা জরুরি। কারণ, পেলেরও বহু আগে বর্ণবাদের বাধা পেরিয়ে তিনিই ব্রাজিল ফুটবলের জন্য নতুন পথ তৈরি করেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।