গত কয়েক বছরে অভিনয়ে সেভাবে পাওয়া যাচ্ছিল না সারিকা সাবাহকে। দুই বছর পর এবার ফিরছেন ওটিটিতে। ১০ ডিসেম্বর হইচইতে মুক্তি পাবে তার অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘সেলফি’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন খায়রুল বাসারের সঙ্গে। অভিনয়ে ফেরা, বর্তমান ব্যস্ততা ও আগামীর পরিকল্পনা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ইব্রাহীম জাহিদ।
ঢাকা পোস্ট: দুই বছর পর ওটিটিতে ফিরছেন। ‘সেলফি’ নিয়ে আপনার অনুভূতি কেমন?
আরও পড়ুন: সমস্যা বয়স নয়, সমস্যা দৃষ্টিভঙ্গি: তাপসী পান্নু
সারিকা সাবাহ: আমার জন্য এ কাজটি কয়েকটি কারণে বিশেষ। প্রথমত, হইচইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। দ্বিতীয়ত, নির্মাতা মুশফিকা মাসুদ আপুর পরিচালনায় প্রথম কাজ করেছি। পাশাপাশি খায়রুল বাসার ভাইয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ। সব মিলিয়ে প্রজেক্টটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। এর আগে ওটিটিতে ‘গুলমোহর’ ওয়েব সিরিজে কাজ করেছিলাম। সেটির প্রায় দুই বছর পর এবার ওয়েব ফিল্ম করলাম। মনে হয়েছে, একজন শিল্পী হিসেবে এ ধরনের টিমের সঙ্গে কাজ করতে আমি খুব ভালোবাসি। পুরো কাজের অভিজ্ঞতা বেশ ইতিবাচক।
ঢাকা পোস্ট: খায়রুল বাসারের সঙ্গে প্রথমবার অভিনয় করলেন। অভিজ্ঞতা কেমন?
সারিকা সাবাহ: খায়রুল বাসার ভাইয়ের সঙ্গে আগে দু-একবার কাজ নিয়ে কথা হয়েছিল। অন্য কাজ ও গান নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি। এবারই প্রথম তার সঙ্গে কাজ করলাম। অভিনয়শিল্পী হিসেবে খায়রুল বাসার ভাই কতটা ভালো, তা নতুন করে বলার কিছু নেই। তবে মানুষ হিসেবে তিনি কতটা ভালো, শুটিংয়ে গিয়ে সেটি বুঝেছি।
একজন শিল্পীর যে গুণগুলো থাকা প্রয়োজন, তার মধ্যে সেগুলো দেখেছি। যেমন সময় মেনে চলা, সবাইকে যথাযথ সম্মান করা কিংবা কোনো সমস্যা হলে সবাই মিলে সেটি মোকাবিলা করা। তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ। প্রত্যেকের পাশে দাঁড়ান। আমার মনে হয়েছে, একজন শিল্পী হিসেবে তার এই মানবিক গুণগুলো দৃষ্টান্ত হয়ে থাকার মতো।
ঢাকা পোস্ট: নির্মাতা মুশফিকা মাসুদের সঙ্গেও এটি আপনার প্রথম কাজ। তার পরিচালনা নিয়ে কিছু বলুন…
সারিকা সাবাহ: অমিতাভ রেজা চৌধুরী ভাইয়ের প্রতিষ্ঠান হাফ স্টপ ডাউনের সঙ্গে এর আগে আমার টিভিসি করা হয়েছে। তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ও বোঝাপড়া রয়েছে। মুশফিকা মাসুদ (অমিতাভ রেজার স্ত্রী) আপুও চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন। এই কাজের ক্ষেত্রে তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। একজন শিল্পী যখন কোনো কাজে যুক্ত থাকেন, তখন অনেক সময় নানা বিষয় নিয়ে দুশ্চিন্তা করেন। পরদিন কোন দৃশ্য কীভাবে করবেন, প্রস্তুতি ঠিকঠাক হয়েছে কি না—এমন অনেক ভাবনা কাজ করে।
সে ক্ষেত্রে পুরো টিমের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। আমার মনে হয়, একজন নারী পরিচালক অনেক সময় একজন শিল্পী, বিশেষ করে নারী শিল্পীর ভাবনা ও সমস্যাগুলো ভালোভাবে বুঝতে পারেন। কাজের ক্ষেত্রে যত ধরনের জটিলতা ছিল, টিম সেগুলো সামলে নিয়েছে। ‘গুলমোহর’ করার সময় আমার অভিজ্ঞতা হয়েছিল, ভালো একটি টিমের সঙ্গে কাজ করলে একজন শিল্পীকে শুধু অভিনয় নিয়েই ভাবতে হয়। ‘সেলফি’র ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হয়েছে।
ঢাকা পোস্ট: গত দুই বছরে ওটিটিতে আপনাকে দেখা যায়নি। এই বিরতির কারণ কী?
সারিকা সাবাহ: আসলে আমি একেবারে বিরতিতে ছিলাম না। এই সময়ে বিজ্ঞাপনে কাজ করেছি, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম, কিছু নাটকও করেছি। তবে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন ভিউয়ের যুগ। ভিউয়ের দৌড়ে এগিয়ে না থাকলে অনেক সময় মনে করা হয়, আপনি নেই। আমি কিন্তু ছিলাম। শুধু এমন একটি বড় প্রজেক্টে কাজ করা হয়নি, যেটি নিয়ে অনেক আলোচনা ও প্রচার হয়েছে। তবে সৃজনশীল কাজের সঙ্গে সব সময়ই যুক্ত ছিলাম। অনেক সময় অভিনয় না করলেও পরিচালকদের অন্য প্রজেক্ট নিয়ে পেছনে কাজ করেছি। তাই আমার ক্ষেত্রে বিষয়টিকে পুরোপুরি বিরতি বলা যাবে না।
ঢাকা পোস্ট: ক্যারিয়ারের শুরুর দিকেই এমন বিরতি আপনার অভিনয়জীবন ও ব্যক্তিগত ভাবনায় কোনো প্রভাব ফেলেছে?
সারিকা সাবাহ: অভিনয়ের জায়গাটা ছোটবেলা থেকেই আমার খুব পছন্দের। আমি সব সময় একজন ভালো শিল্পী হতে চেয়েছি। তাই কাজের মধ্যে থাকি কিংবা না থাকি, অভিনয়ের প্রতি আমার ভালোবাসা একই থাকবে। এই সময়ে ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে আমার যোগাযোগ ছিল। তাদের কাছ থেকেও অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। আমি এখন নতুনভাবে কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। মনে হয়, বিরতিটা আমাকে অভিনয় থেকে দূরে সরাতে পারেনি। আমি সবসময়ই এ জায়গায় থাকতে চেয়েছি। একজন শিল্পী হিসেবে নিজের যাত্রাটা অব্যাহত রাখতে চাই।
ঢাকা পোস্ট: আপনার পরে এসেও সাম্প্রতিক সময়ে একাধিক অভিনেত্রী নিজেদের জায়গা করে নিয়েছেন। তাদের সাফল্য দেখে কখনো নিজের জন্য আক্ষেপ হয়? মনে হয়, নিয়মিত কাজ করলে হয়তো আরও বড় অবস্থানে যেতে পারতেন?
সারিকা সাবাহ: আমার কখনোই আক্ষেপ হয়নি। আমার মনে হয়, প্রত্যেক শিল্পী আলাদা এবং প্রত্যেকের যাত্রাও আলাদা। অনেকেই হয়তো স্নাতক শেষ করতে পারেন না কিংবা অন্য কোনো কাজের সুযোগ পান না। তারা পুরো সময়টা অভিনয়ে দিতে পারেন। আমার জীবনে কিছু বিষয় ছিল। আমার ছোট্ট একটি পরিবার ও পারিবারিক জীবন আছে। স্নাতক শেষ করার জন্যও আমি নিয়মিত কাজ করিনি। একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে কাজ করেছি।
নতুন যারা আসছেন, তাদের অনেকেই খুব প্রতিভাবান। তটিনী খুব ভালো করছে। সে নিজের জায়গায় লেগে আছে। তার কাজের প্রতি নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করে। সে নিজের মতো করে সবকিছু করছে। সাদিয়াও নিজের জায়গা তৈরি করেছে। নতুন ভালো শিল্পী আসা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। ইন্ডাস্ট্রির অবস্থান শক্ত হলে আমরা সবাই সমানভাবে উপকৃত হব।
আমি বিষয়টিকে কখনো একপক্ষীয়ভাবে দেখি না। আমার ক্যারিয়ারের শুরুতে সিনিয়রদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। মেহজাবীন আপু, শবনম ফারিয়া আপুসহ অনেকেই আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন। তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কারণে আমারও মনে হয়, নতুনদের পাশে দাঁড়ানো উচিত। আমরা যদি সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি, তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। কারণ, একজনকে দিয়ে তো পুরো ইন্ডাস্ট্রি হয় না; সবাই মিলেই একটি ইন্ডাস্ট্রি গড়ে ওঠে।
ঢাকা পোস্ট: এবার কি অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা করছেন? সামনে নতুন কোনো কাজের প্রস্তুতি আছে?
সারিকা সাবাহ: হ্যাঁ, আমি এখন নতুনভাবে নিয়মিত কাজ করার প্রস্তুতি নিচ্ছি। নাটকেও নিয়মিত হওয়ার পরিকল্পনা আছে। ঈদে আমার কয়েকটি নাটক আসবে। কিছু নাটকের শুটিং হয়েছে, আরও কিছু কাজ হবে সামনে। ‘সেলফি’ নিয়ে সংবাদ প্রকাশের পর আমার পুরনো সহকর্মীরাও শুভকামনা জানাচ্ছেন। এসব দেখে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমার এই ফিরে আসাটা ইতিবাচক হবে। আমি সেটাই আশা করছি।
আর খায়রুল বাসার ভাইয়ের সঙ্গে আমার জুটিটা দর্শকের ভালো লাগলে ভবিষ্যতে একসঙ্গে আরও কিছু কাজ করার সুযোগ তৈরি হবে। ভাইয়া এখন নাটকে খুব ভালো করছেন। ভালো ভালো প্রজেক্টে তাকে দেখা যাচ্ছে। দর্শক আমাদের জুটিকে কীভাবে গ্রহণ করেন, সেটি দেখার অপেক্ষায় আছি।
ঢাকা পোস্ট: ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর সারিকা থেকে এখনকার সারিকা, নিজের মধ্যে কী ধরনের পরিবর্তন দেখতে পান?
সারিকা সাবাহ: নিজের মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটি দেখতে পাই, তা হলো আমি এখন অনেক বেশি পেশাদার হয়েছি। শুরুতে অভিনয়ের জগৎ আমার জন্য নতুন ছিল। আমার পরিবারের কেউ এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন না। তাই পরিবারের সবার মধ্যে একধরনের উদ্বেগ ছিল। সে কারণে খুব বেছে বেছে এবং নিরাপদ পরিসরে কাজ করার চেষ্টা করতাম। যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন, তারা আমাকে পারিবারিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে দেখতেন। ফলে ওই ধরনের গল্পেই বেশি কাজের সুযোগ হতো।
এখন আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। রোমান্টিক, হরর, থ্রিলার সব ধরনের কাজের প্রতি আগ্রহ আছে। এখন আমি অনেক পেশাদারভাবে বিষয়গুলো দেখি। সব ধরনের মানুষের সঙ্গে কাজ করতে চাই। অভিনয়টাকে এখন আরও বেশি ভালোবাসি এবং নিজের জায়গা হিসেবে অনুভব করি। এই পরিবর্তনটাই নিজের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাই।
ঢাকা পোস্ট: অভিনয়ের পাশাপাশি আইটি ফার্ম নিয়েও আপনার আগ্রহ ছিল। সে দিকে কতটা এগিয়েছেন?
সারিকা সাবাহ: বিষয়টি নিয়ে এখনো সেভাবে এগোনো হয়নি। আপাতত এটা নিয়ে চর্চাও করছি না। ভবিষ্যতে হবে কি না, সেটিও জানি না। আমার জীবনে অনেক কিছুই হঠাৎ করে হয়ে যায়। যদি কখনো এ বিষয়ে কিছু হয়, অবশ্যই সবাইকে জানাব।

