ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন ৬৪০ তরুণ উদ্যোক্তা

banglaprime24
November 27, 2026 2:40 am
Link Copied!

দেশের গ্রামীণ ও উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ৬৪০ জন তরুণকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে বাংলাদেশ ব্যাংক। 

নির্বাচিত উদ্যোক্তারা জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। পাশাপাশি, বাণিজ্যিক ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে আরও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান বা প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। সব মিলিয়ে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।

আরও পড়ুন: সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রথম ধাপে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের আটটি জেলার ৬৪ উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জনকে নির্বাচন করা হয়েছে। জেলাগুলো হলো : ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সহজ শর্তে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। এর বাইরে বাণিজ্যিক ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান বা প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। ফলে যোগ্যতা ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একজন উদ্যোক্তা ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে দেওয়া হবে।

তবে এই অর্থ নির্ধারিত ব্যবসায়িক কাজে ব্যবহার করতে হবে। একই সঙ্গে ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। কোনো উদ্যোক্তা কর্মসূচির শর্ত ভঙ্গ করলে বা ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে পাওয়া অর্থও ঋণে রূপান্তরিত হবে। পরে তা সরকারি নিয়ম অনুযায়ী আদায় করা হবে।

এই কর্মসূচিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়া এবং বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা থাকা বাধ্যতামূলক।

তবে, আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এই কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন না।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য ও পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবসাকে এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে ই-কমার্স, অ্যাগ্রিটেক ও হেলথটেক খাতও রয়েছে।

প্রথম ধাপে আটটি জেলার ৬৪টি উপজেলার উদ্যোক্তাদের নির্বাচন করা হলেও দেশের বাকি ৫৬টি জেলার তরুণদের জন্য আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল অথবা যে–কোনো তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণ করা আবেদন ফরম নিজ নিজ উপজেলার যে–কোনো ব্যাংকের শাখায় জমা দেওয়া যাবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, উপজেলা পর্যায়ে তরুণদের সহজ শর্তে ঋণ ও আর্থিক সহায়তা দেওয়া গেলে নতুন ব্যবসা গড়ে উঠবে। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরির সুযোগও সম্প্রসারিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।