‘হিটলারের নৃশংসতা, রুয়ান্ডার গণহত্যা কিংবা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের ইতিহাস আমরা পড়েছি, শুনেছি। আন্তর্জাতিক আদালতে এসব অপরাধের বিচারও দেখেছি। কিন্তু ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যা ঘটেছে, তা কি এসব নৃশংসতার চেয়ে কোনো অংশে কম?’
এমন প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এ প্রশ্ন তোলেন।
আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলের ট্রাইব্যুনাল-১-এ মামলাটির যুক্তিতর্ক শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, একজন মানুষ কীভাবে একের পর এক শত শত মানুষকে হত্যা করতে পারেন, দিনের পর দিন, বছরের পর বছর এমন অপরাধ চালিয়ে যেতে পারেন, তা এই মামলায় উঠে এসেছে। তার ভাষায়, জিয়াউল আহসান একসময় ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছিলেন।
র্যাবে দায়িত্ব পালনের সময় মানুষ হত্যার পর মরদেহ নদীতে ফেলে গুম করার ঘটনাকে ‘গলফ’ নামে অভিহিত করা হতো বলে সাক্ষ্য দিয়েছেন মেজর (অব.) মো. সাব্বির রহমান ওসমানী। তার জবানবন্দির একটি অংশ তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, হত্যাকাণ্ডের পর সংশ্লিষ্টদের মধ্যে অস্বস্তি বা মন খারাপের পরিস্থিতি তৈরি হলে জিয়াউল আহসান তাদের বলতেন, ‘এত মন খারাপ কিংবা দুশ্চিন্তা করার কিছু নেই।’
সাক্ষীর জবানবন্দি থেকে আরও উদ্ধৃত করে আমিনুল ইসলাম বলেন, জিয়াউল বলতেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় এই বিষয়টি সম্পর্কে অবহিত আছেন।’
চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, সাক্ষী সাব্বির কোনো সাধারণ মানুষ নন। তিনি জিয়াউল আহসানের সহকর্মী ছিলেন। ফলে তার দেওয়া বক্তব্যের গুরুত্ব রয়েছে। এই বক্তব্য থেকেই আসামির মানসিকতা এবং অপরাধ সংঘটনে তার দুঃসাহস ও নিষ্ঠুরতার চিত্র পাওয়া যায়।
তিনি বলেন, প্রসিকিউশনের পক্ষে সব মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। এখনো ২৮০ জনের কোনো হদিস নেই। তাদের কেউ এই প্রক্রিয়ায় হত্যার শিকার হয়েছেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সাক্ষ্য-প্রমাণে একের পর এক মানুষকে তুলে নিয়ে হত্যা এবং মরদেহ গুম করার অভিযোগ উঠে এসেছে।
যুক্তিতর্কে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিষয়টিও সামনে আনেন চিফ প্রসিকিউটর। তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে প্রশ্রয় পেয়ে একজন মানুষ কিংবা একটি বাহিনীর সদস্য কীভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে এমন ভয়াবহ অবস্থান নিতে পারেন?
আমিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ তাদেরই কেউ কেউ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কীভাবে এমনভাবে ব্যবহার করা হয়েছে, সেটিও এই মামলার সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে।
তিনি বলেন, শত শত, হাজার হাজার মানুষকে দিনের পর দিন হত্যা করা হয়েছে। এমন অপরাধ দীর্ঘদিন চলতে থাকলে তার পেছনে সরকার কিংবা রাষ্ট্রের প্রশ্রয় থাকার বিষয়টি সামনে আসে।
মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তিনি জিয়াউল আহসানকে র্যাব থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা তাকে অনুরোধ করেছিলেন।
অন্যদিকে, সাক্ষী সাব্বির জবানবন্দিতে বলেছেন, র্যাবে দায়িত্ব পালনের সময় জিয়াউল আহসানের কর্মকাণ্ড নিয়ে তিনি তার অধিনায়কের কাছে উদ্বেগ প্রকাশ করতেন। তখন অধিনায়ক তাকে বলতেন, ‘জিয়াউলকে কে নিয়ন্ত্রণ করবে?’
এই বক্তব্য তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, কতটা অসহায় পরিস্থিতি ছিল! কারণ, জিয়াউল ছিলেন ‘এক নম্বর ব্যক্তির মানুষ’। তাকে নিয়ন্ত্রণ করার সাহস বা ক্ষমতা কারও ছিল না।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপকতা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষী সাব্বিরের জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসান বরিশাল অঞ্চল ব্যবহার করে ১৫ থেকে ২০ বার ‘গলফ’ অপারেশন পরিচালনা করেছেন।
নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, তার ৩৮ বছরের কর্মজীবনে তিনজন, পাঁচজন কিংবা সাতজনকে হত্যার ঘটনায় মামলা করেছেন। পিলখানায় ৭৪ জনকে হত্যার মামলাও করেছেন। কিন্তু এই মামলার অভিযোগ সবকিছুকে ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, একজন মানুষ কয়েক শ মানুষকে হত্যা করতে পারেন—এমন ঘটনা তিনি আগে কখনো দেখেননি। দিনের পর দিন, বছরের পর বছর ধরে একের পর এক মানুষকে হত্যা করার অভিযোগ এই মামলায় উঠে এসেছে। তার মতে, জিয়াউল আহসান ছাড়া অন্য কারও পক্ষে এভাবে এসব হত্যাকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়।
এসময় ট্রাইব্যুনাল জানতে চান, জিয়াউল আহসানের বিরুদ্ধে এত হত্যা ও নির্যাতনের অভিযোগ থাকলেও তার অর্জন কী?
জবাবে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান মেজর জেনারেল হয়েছেন। তিনি শুধু একটি বাহিনীর কর্মকর্তা ছিলেন না, বরং পুরো রাষ্ট্রীয় ও সামরিক প্রশাসনে তার প্রভাব ছিল।
ইংরেজিতে তিনি বলেন, ‘হি ওয়াজ এভরিথিং। হি ওয়াজ মোর দেন চিফ অব আর্মি স্টাফ।’ অর্থাৎ, তিনি ছিলেন সবকিছু, এমনকি সেনাপ্রধানের চেয়েও বেশি প্রভাবশালী ছিলেন।
আমিনুল ইসলাম আরও বলেন, ‘এই দেশে সবকিছুতেই তার প্রভাব ছিল। তার কথায় সরকার চলতো, সবকিছু হতো। তিনি কী পাননি? পুরো আর্মি প্রশাসন চালিয়েছেন।’
যুক্তিতর্কে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ‘আজকে যদি জুলাই ৩৬ না হতো, তাহলে এই ঘটনা কোনো দিন আলোর মুখ দেখতো না। হয়তো এই অপরাধীরা কোনো দিন বিচারের সম্মুখীন হতেন না। অপরাধমূলক কর্মকাণ্ড হয়তো কোনো দিন বন্ধ হতো না।’
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আর কোনো ক্রসফায়ার হয়নি, অপহরণ হয়নি, বলপূর্বক গুম হয়নি। বলেশ্বর নদে আর কাউকে শহীদ হতে হয়নি। টিএফআই কিংবা জেআইসি সেলে কাউকে বন্দী থাকতে হয়নি।
আমিনুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসব অপরাধের বিচার নিশ্চিত করার পথ তৈরি হয়েছে। যাদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের অভিযোগ রয়েছে, আজ তাদেরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়েছে। এ জন্য জুলাই যোদ্ধাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানান তিনি।
যুক্তিতর্কে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যের প্রসঙ্গ টেনে চিফ প্রসিকিউটর বলেন, তিনি জবানবন্দিতে ডিজিএফআই ও র্যাব বিলুপ্তির পক্ষে মত দিয়েছিলেন।
আমিনুল ইসলাম বলেন, র্যাব পরিবর্তিত হয়ে এসআরবি নামে নতুন সংস্থার যাত্রা শুরু করেছে। তারা এই উদ্যোগকে স্বাগত জানান। তবে নতুন সংস্থাটি যেন কোনোভাবেই অতীতের মতো গুম, হত্যা কিংবা মানবাধিকার লঙ্ঘনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেটি নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনের অভিযোগে এটিই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা, যার যুক্তিতর্ক শুরু হলো। মঙ্গলবার প্রথমে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। দিনের দ্বিতীয় ভাগে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম যুক্তিতর্কে অংশ নেন।
প্রথম দিনের পুরো যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। পরে মামলার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
এদিন একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্তিতর্ক শুনানিতে অংশ নেন। শুনানিতে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম (তুলি), অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
দীর্ঘ কারাবাসের পর চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল ফরাজি। সরকারের বিশেষ সিদ্ধান্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাকে এ মুক্তি দেওয়া হয়…

