ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভর্তি পদ্ধতি, বৃত্তি কর্মসূচি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পর্কে অবহিত হয়েছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন তিনি। এ সময় বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ফরিদা শহীদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ফরিদা শহীদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন মারিয়া স্মিরনোভা, কাজী মোস্তাকিম আহমেদ, মো. সালায়ে মোস্তফা ও আহমেদ ইমতিয়াজ সামাদ।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিনিধিদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন বৃত্তি কর্মসূচি, পাঠদান ও শেখার পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরেন উপাচার্য।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদারেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করায় প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
উল্লেখ্য, শিক্ষার অধিকার বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে ফরিদা শহীদ বর্তমানে বাংলাদেশ সফর করছেন। এ সফরে তিনি মূলত শিক্ষা খাতে অর্থায়ন, ডিজিটালাইজেশন এবং মানসম্মত সরকারি শিক্ষায় সবার জন্য বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়গুলো পর্যালোচনা করছেন। জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।
সফরকালে তিনি বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি ঢাকা, বান্দরবান ও সিলেটে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
দেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার এক কোটি হাই ভ্যালু জব সৃষ্টির পরিকল্পনা করেছে…

