আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে একের পর এক পুরস্কার ও সম্মাননা অর্জন করছে বাংলাদেশের চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ (The Blind Girl and an Elephant)। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত চলচ্চিত্রটি সর্বশেষ মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (CIFF) আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে বিশেষ সম্মাননা (স্পেশাল মেনশন) অর্জন করেছে।
জিহাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। চলচ্চিত্রটি বাংলাদেশের অভিনেতা ও প্রযোজক মনোজ কুমার প্রামাণিকের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির ক্রিস্টোফ থোক-এর প্রযোজনা প্রতিষ্ঠান মোগাডর ফিল্মের (Mogador Film) যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। মনোজ কুমার প্রামাণিক একই বিভাগের সহকারী অধ্যাপক।
আরও পড়ুন: ঢাবির শিক্ষা-গবেষণা কার্যক্রমে মুগ্ধ জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ
গত ১১ থেকে ২০ নভেম্বর মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয় ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ সম্মাননাটি অর্জন করে ‘সাঁকোটা দুলছে’। গত ২০ নভেম্বর উৎসবের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়।
চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোক অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননাটি গ্রহণ করেন। এ ছাড়া গত ১৬ নভেম্বর কায়রো অপেরা হাউসের স্মল থিয়েটার এবং ১৭ নভেম্বর তাহরির সিনেমায় চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এর আগে ২০২৬ সালে ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে চলচ্চিত্রটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। ওই উৎসবে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গোবলেট পুরস্কার অর্জন করে ছবিটি। এর চিত্রগ্রাহক সামিউল করিম শুপ্তক এ পুরস্কার পান।
পরে রাশিয়ার ২৪তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র ও থিয়েটার উৎসবে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য গোল্ডেন ক্রেন পুরস্কার এবং আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করে চলচ্চিত্রটি। এ ছাড়া ৩৪তম এনার্গাক্যামেরিমেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক ও চিত্রগ্রাহকদের প্রথম চলচ্চিত্রবিষয়ক দুটি প্রতিযোগিতা বিভাগ, ৩২তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিস্তাপাদ’-এর সিনেমা অব দ্য ইয়াং বিভাগ এবং ২১তম জগজা-নেটপ্যাক এশিয়ান চলচ্চিত্র উৎসবের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে নির্বাচিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’।
গ্রামীণ বাংলাদেশের তিন তরুণীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বাস্তবতা তুলে ধরা হয়েছে। অন্ধ এক কিশোরীর স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং একটি হাতির সঙ্গে তার সাক্ষাতের মধ্য দিয়ে চলচ্চিত্রটি মানুষের স্বাধীনতা, সামাজিক বন্দিত্ব ও মুক্তির প্রশ্ন অনুসন্ধান করেছে।
ধারাবাহিক আন্তর্জাতিক স্বীকৃতিতে আনন্দ ও গর্ব প্রকাশ করে চলচ্চিত্রটির প্রযোজক মনোজ কুমার প্রামাণিক বলেন, ‘সাঁকোটা দুলছে’র এই ধারাবাহিক আন্তর্জাতিক অর্জন আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। সীমিত সামর্থ্য, নানা প্রতিকূলতা এবং দীর্ঘ নির্মাণ যাত্রা পেরিয়ে আমরা চলচ্চিত্রটি নির্মাণ করেছি। শুরুতে আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবন, বিশেষ করে নারীর সংগ্রাম, স্বপ্ন ও স্বাধীনতার আকাঙ্ক্ষার গল্পটি বিশ্ব দর্শকের সামনে তুলে ধরা। আজ বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির স্বীকৃতি পাওয়া আমাদের সেই প্রচেষ্টাকে সার্থক করেছে।
পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ বলেন, চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য নিজেদের শিল্পকর্মের মধ্য দিয়ে ভাবনা, অভিব্যক্তি ও বক্তব্য দর্শকের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের সঙ্গে সংযোগ তৈরি করা। চলচ্চিত্র উৎসবগুলো সেই সুযোগ করে দেয়। ভিন্ন সংস্কৃতি, ভাষা ও রুচির দর্শকদের কাছে নিজেদের কাজ পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি হয়।
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো প্রতিষ্ঠিত একটি উৎসবে চলচ্চিত্র নির্বাচিত হওয়াকে প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়া উল্লেখ করে পরিচালক আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের বড় বাজেটের চলচ্চিত্র, প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সেলস এজেন্টের সঙ্গে যুক্ত কাজগুলো এখানে অংশ নেয়। এমন একটি উৎসবে ‘সাঁকোটা দুলছে’র নির্বাচিত হওয়া এবং পুরস্কার অর্জন তার চলচ্চিত্র নির্মাণের যাত্রা ও ক্যারিয়ারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই স্বীকৃতি পুরো নির্মাণ দলের সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করে জিহাদ বলেন, দলের সদস্যদের শ্রম, মেধা, ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টাই চলচ্চিত্রটিকে এই অবস্থানে নিয়ে এসেছে। এই অর্জন শুধু তার একার নয়, বরং পুরো দলের।
৮০ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত, রবিউস সানিসহ অনেকে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

