সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ফোরাম ২০২৬’। সুইডেনভিত্তিক সামাজিক সংগঠন ‘আমরা-আমরা’ এ আয়োজন করে।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টকহোমে অনুষ্ঠিত এ আয়োজনে দেড় শতাধিক পেশাজীবী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।
আরও পড়ুন: গরু পাচারকারীদের ধরতে গিয়ে নদীতে ঝাঁপ, নিখোঁজ বিএসএফ সদস্য
চারটি স্বতন্ত্র পর্বে সাজানো এ আয়োজনে ছিল পরিচিতি ও পারস্পরিক যোগাযোগ, বিশেষজ্ঞদের আলোচনা ও উপস্থাপনা, পেশাভিত্তিক তথ্য ও পরামর্শ কেন্দ্র এবং জব এক্সপো। প্রতিটি পর্বের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং কর্মজীবনের নতুন সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তি, শিক্ষার্থী ও উদ্যোক্তারা নিজেদের মধ্যে পরিচিত হন এবং পেশাগত অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এর মাধ্যমে বিভিন্ন খাতের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ যোগাযোগের ভিত্তি তৈরির সুযোগ হয়।
দ্বিতীয় পর্বে বিশেষজ্ঞরা সুইডেনের চাকরির বাজারের বর্তমান পরিস্থিতি, কর্মসংস্থানের সুযোগ এবং পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও উপস্থাপনা করেন। তাদের বক্তব্যে সুইডিশ কর্মবাজার সম্পর্কে বাস্তব ধারণা এবং সেখানে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়গুলো উঠে আসে।
তৃতীয় পর্বে ছিল বিভিন্ন পেশাভিত্তিক তথ্য ও পরামর্শ কেন্দ্র। সুইডেনের বিভিন্ন খাতে প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ পেশাজীবীরা নিজ নিজ ক্ষেত্রে অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। চাকরিপ্রার্থী, শিক্ষার্থী ও পেশা পরিবর্তনে আগ্রহীরা সংশ্লিষ্ট খাতের কাজের ধরন, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক পরামর্শ ও দিকনির্দেশনা লাভ করেন।
ক্যারিয়ার ফোরামের শেষ পর্বে অনুষ্ঠিত হয় জব এক্সপো। এতে সুইডেনের ১০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া ও ইরিকসন ছিল।
প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা নিজেদের কার্যক্রম, কর্মপরিবেশ, চাকরির সুযোগ এবং কর্মীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে তুলে ধরেন। পাশাপাশি আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করেন এবং সম্ভাব্য নিয়োগের বিষয়ে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করেন।
আয়োজকদের মূল লক্ষ্য ছিল পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর পেশাজীবী কমিউনিটি গড়ে তোলা।
তাদের মতে, এ ধরনের আয়োজন শুধু চাকরির সুযোগ খোঁজার ক্ষেত্র নয়, বরং বিভিন্ন পেশার মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন, নতুন সম্ভাবনা তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মের কর্মজীবনের পথ সুগম করতেও ভূমিকা রাখতে পারে।
আয়োজক সংগঠন ‘আমরা-আমরার’ সঙ্গে যুক্ত সংগঠকেরা জানান, সুইডেনে বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
মালয়েশিয়ায় প্রবেশে বাধার মুখে পড়া বিদেশি নাগরিকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। গত তিন বছরে ২৭ হাজার ৫০৪ জন বাংলাদেশিকে দেশটিতে প্রবেশের অনুমতি…

