ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

banglaprime24
November 24, 2026 9:53 pm
Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে কয়েক দিনের ব্যবধানে আবারও হামলা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ৮০ তলাবিশিষ্ট পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোট এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছে।

তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) অবস্থিত ভবনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ভবনটিতে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পিআইএফের কার্যালয় রয়েছে।

আরও পড়ুন: আড়াইশো রানের লক্ষ্য মাত্র ১৪ ওভারেই পাড়ি দিল ভারত!

এর আগে গত বৃহস্পতিবারও ভবনটিতে হামলা হয়েছিল। ইরানের সমর্থনপুষ্ট হুতিদের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর থেকে সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে। গত জুলাইয়ে নতুন করে এই সংঘাত শুরু হয়।

সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘আর্থিক কেন্দ্রের একটি টাওয়ারে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’ তবে তিনি ভবনটির নাম উল্লেখ করেননি।

তিনি আরও জানান, হামলার স্থান পরিদর্শন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পিআইএফ টাওয়ারে হামলাকে প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কারণ, সৌদি আরবের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই তহবিল। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হুথিদের হামলার কারণে সেই পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।

এর আগে চলতি মাসেই কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি টাওয়ারে হামলা হয়েছিল। এ ছাড়া অক্টোবরে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা হামলা হয়। এর মধ্যে একটি হামলায় ১৪ জন নিহত হন।

মঙ্গলবার হামলার আগে ওই এলাকায় মাইক লাগানো একটি গাড়ি থেকে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয় বলে এএফপিকে জানিয়েছেন আরেক প্রত্যক্ষদর্শী। তবে রাজধানীতে হামলার আশঙ্কা জানিয়ে মোবাইল ফোনে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি।

হামলার পর পুলিশ গাড়ি দিয়ে আর্থিক জেলার কয়েকটি প্রবেশপথ বন্ধ করে দেয়। সৌদি যুবরাজ ও কার্যত দেশটির শাসক মোহাম্মদ বিন সালমানের আধুনিকায়ন পরিকল্পনার অন্যতম প্রদর্শনী হিসেবে পরিচিত এই এলাকা।

কেএএফডির একটি রেস্তোরাঁর এক ওয়েটার বলেন, আমরা কিছুদিন আগেই রেস্তোরাঁটি আবার চালু করেছিলাম। ভবনে হামলা হয়েছে জানিয়ে আমাদের সবাইকে সরিয়ে নেওয়া হয়। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে চলাচল করতে বা এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।