ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আল-আজহারের সমাবর্তনে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের ঝলক

banglaprime24
November 24, 2026 5:57 pm
Link Copied!

মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের বিদেশি শিক্ষার্থীদের স্নাতক সমাবর্তনে অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি পেয়েছেন ৪০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী।

তাদের মধ্যে মাসুম বিল্লাহ গুলজার স্নাতক চূড়ান্ত পরীক্ষায় ৯৫ দশমিক ০৩ শতাংশ নম্বর পেয়ে সর্বোচ্চ সম্মানসহ প্রথম শ্রেণি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি পেয়েছেন ‘দিরউত তামাইয়্যুজিল ইলমি’ বা একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট, সম্মাননা পদক ও সনদপত্র।

আরও পড়ুন: সুইডেনে বাংলাদেশিদের অংশগ্রহণে ‘ক্যারিয়ার ফোরাম’

রোববার (২২ নভেম্বর) কায়রোর আল-আজহার কনফারেন্স সেন্টারের আল-আন্দালুস হলে আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার হাতে এসব সম্মাননা তুলে দেন।

আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যেবের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ সমাবর্তনে বিশ্বের ৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৮০৬ জন ছাত্র ও ৩৮৪ জন ছাত্রী। সর্বোচ্চ সম্মানসহ প্রথম শ্রেণি অর্জন করেছেন মাত্র ৫৫ জন শিক্ষার্থী। ২৫টি দেশের ২৫ জন সেরা কৃতী শিক্ষার্থীর একজন হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের মাসুম বিল্লাহ গুলজার।

অনুষ্ঠানে মিশরের গ্র্যান্ড মুফতি অধ্যাপক ড. নাজির আইয়াদ, আল-আজহারের ভারপ্রাপ্ত ডেপুটি গ্র্যান্ড ইমাম শায়খ আইমান আবদুল গনি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদ সিদ্দিক এবং বিদেশি শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা আস-সাঈদিসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৬ জুলাই প্রকাশিত ফলাফলে মাসুম বিল্লাহ ধর্মতত্ত্ব অনুষদের তাফসির ও উলুমুল কুরআন বিভাগে ৯৫ দশমিক ০৩ শতাংশ নম্বর পেয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রথম এবং মিশরীয় ও বিদেশি শিক্ষার্থীদের সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেন।

নিজের এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মাসুম বিল্লাহ বলেন, আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ এবং মা-বাবা ও শিক্ষকদের দোয়ায় এ সম্মাননা অর্জন করতে পেরেছেন। আল-আজহারের মধ্যপন্থি ও ভারসাম্যপূর্ণ বার্তা নিয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান তিনি।

বর্তমানে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়ন করছেন। পাশাপাশি মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় ফতোয়া প্রতিষ্ঠান ‘দারুল ইফতা আল-মিসরিয়া’য় ইফতা বা মুফতি প্রশিক্ষণ নিচ্ছেন।

সাতক্ষীরা সদর উপজেলার সোনারডাঙ্গা গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহর শিক্ষাজীবন শুরু হয় পবিত্র কোরআন হিফজের মাধ্যমে। ২০১০ সালে হিফজ সম্পন্ন করার পর ২০১৮ সালে ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে আল-আজহারের ইনস্টিটিউট অব ইসলামিক মিশনস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিদেশি শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।

এ বছর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগ থেকে ৪০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক (অনার্স) সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ২২ নভেম্বরের সমাবর্তনে বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আকিদা ও ফালসাফা বিভাগ থেকে মাহবুবুল আলম, রেজাউল করীম ও মো. মাহফুজুর রহমান স্নাতক সম্পন্ন করেছেন। তাফসির বিভাগ থেকে স্নাতক হয়েছেন মুহাম্মদ মাহমূদ হাসান, মাসুম বিল্লাহ গুলজার, ইয়াকুব বিন ইসহাক, রাকিবুল ইসলাম, ওবায়দুল্লাহ আল আহরার, মো. আমজাদ হোসেন, আবুরাজিন মো. মুয়াজ, গাজী নুহাস জামিম, মো. আবছার উদ্দীন, মো. এনামুল হক, আব্দুর রহমান ও আনাস ইমাম।

হাদিস বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন যুবায়ের আহমাদ ও ফয়সল মাহমুদ। শিক্ষাতত্ত্ব ও ইতিহাস বিভাগ থেকে কামরুল ইসলাম ও রেজাউল ইসলাম এবং আরবি ভাষা অনুষদ থেকে মো. মুজাহিদুল ইসলাম স্নাতক হয়েছেন। এ ছাড়া শারিআহ ইসলামিয়া অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেছেন আব্দুল্লাহ মুসআব।

সমাবর্তনে আল-আজহারের বিদেশি শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা আস-সাঈদি বলেন, আল-আজহার থেকে শিক্ষা সম্পন্ন করে নিজ দেশে ফিরে যাওয়া শিক্ষার্থীরা নিজ নিজ দেশে আল-আজহার ও মিশরের প্রতিনিধি। তাদের জ্ঞান, প্রজ্ঞা, সহনশীলতা ও মধ্যপন্থার আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, আল-আজহারে অর্জিত জ্ঞান শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি একটি আমানত। স্নাতকদের নিজ দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি মিশর ও নিজ মাতৃভূমির মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সম্পর্কের সেতুবন্ধন তৈরির আহ্বান জানান তিনি।

আল-আজহার থেকে স্নাতক সম্পন্ন করা বাংলাদেশি শিক্ষার্থীদের এ অর্জন আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও সম্ভাবনার পরিচয় তুলে ধরেছে। তাদের এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চায় অনুপ্রেরণা জোগাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ফোরাম…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।